চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।শনিবার (২৯ জুন) সকাল ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবুল কাসেম (৬৬) নগরীর মধ্যম হালিশহরের বড়পুল নিউ মুড়িং আবাসিক ৩ নম্বর রোডের মৃত আবু জাফরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছিল স্টার লাইন পরিবহনের ২ টি বাস। একটি আরেকটিকে অতিক্রম করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বাসে থাকা আরও ১৪ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘ওভারটেকিং প্রতিযোগিতা ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে স্টার লাইন পরিবহনের বাসটি। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে উল্টে পড়া বাসটিকে সরিয়ে নিলে যানজট দূর হয়।’
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

