বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার( ২৭ জুন ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় এবং সাড়ে ১১টার দিকে মুশলধারায় বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময়ের মধ্যে বাজারের মিষ্টি, মুদি, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্ল্যাস্টিক পণ্যসহ অন্তত ২০টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল বলেন, আগুনে তাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. আফতাব ই আলম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না তাদের, এখন পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

