বান্দরবানের থানচি উপজেলায় যৌথবাহিনীর অভিযানের সময় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল করিম।
তিনি বলেন, সকালে সিমলায় পাড়া থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বান্দরবানের থানচিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছেন। সকালে থানচি উপজেলার সিমলায় পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।

