বাগেরহাটে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য উপজেলার ছোট খাজুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে ইমরান শেখ (৩৫)। সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭ টায় ফকিরহাট উপজেলার খাজুরা নিকারি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।
২৫ জুন (মঙ্গলবার) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের লকপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সক্রিয় সদস্য ইমরান শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী পিস্তল, ৬ রাউন্ড গুলি, কাটার মেশিন, ২টি চাকু, কাটিং প্লাস, গ্যাস টোন ও ২টি দা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি, বিস্ফোরক, চাঁদাবাজি, মাদক, নারী ও শিশু সহ ৩০টি মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান আরো জানান, ফকিরহাট মডেল থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক ইমরান শেখ একজন দুর্ধর্ষ ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

