বরগুনার আমতলীতে একটি ঝুঁকিপূর্ণ সংযোগ সেতু ভেঙে বরযাত্রীবাহী ২ টি গাড়ি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, ডুবুরি ও স্থানীয় মানুষ কাজ করছেন।
শনিবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের ব্রিজ হলদিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ১১ জন নিখোঁজ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
আমতলী থানার ওসি জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা করছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।

