নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলার রায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত ও জেলা দায়রা জজ (প্রথম আদালত) এর বিচারক মামুনুর রশিদ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহাম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আব্দুল কাইউম, সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি এম এ রহিম জানান, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মৌচাকের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা নূর হোসেনকে ডেকে নিয়ে তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৯জনকে আসামি করে মামলা করে। ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে।

