নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে মনির হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি বস্তির বেদে পাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই শিশুর বাবা বিল্লাল হোসেন।
বিল্লালের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে তার ১১ বছর বয়সী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যায়। সুযোগ বুঝে সেখানে ঢুকে পড়ে মনিরও। এরপর মনির শিশুটিকে শৌচাগারের ভেতরেই ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে বিল্লাল ও অন্যান্যরা মিলে হাতেনাতে ধরে ফেলেন মনিরকে।
মনির হোসেন ওই এলাকায় মাস্টার হিসেবে পরিচিত। তিনি স্থানীয় শিশুদের পড়ান।
বিল্লাল বলছেন, মনির হোসেনকে আটকের পর স্থানীয় কয়েকজন মাস্তান এসে তার বিচার করার জন্য মনিরকে নিজেদের জিম্মায় নেন।
বিল্লালের অভিযোগ, এরপর মনিরের কাছ থেকে টাকা নিয়ে ওই মাস্তানরা তাকে ছেড়ে দেন।
বুধবার রাতে এ ঘটনা ঘটলেও বিল্লাল তার মেয়েকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই এই শিশু বর্তমানে চিকিৎসাধীন।

