নীলফামারীতে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সুফিয়া বেগম (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী আব্দুল হাই।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধা বসুনিয়া জামে মসজিদ ময়দানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার দুহুলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটি শেষে স্বামীর মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধা বসুনিয়া জামে মসজিদ ময়দানের পাড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুফিয়া মারা যান। আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী আব্দুল হাই।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

