নিজস্ব প্রতিবেদক : লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক লুৎফর রহমান।
মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিনের আদালতে সাক্ষ্য দেন তিনি।
লুৎফর রহমানের সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষ না হওয়ায় আগামী ১১ মার্চ এ সাক্ষীকে আবার জেরা করার জন্য পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন বিচারক।
সিআইডির পরিদর্শক লুৎফর রহমান মামলাটির মূল তদন্ত কর্মকর্তা ছিলেন। তিনিই মামলাটি তদন্তের পর ২০১২ সালের ৩০ এপ্রিল ৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে মামলাটিতে ৩৩ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।
লুৎফর রহমানের সাক্ষ্যগ্রহণকালে জেলহাজত থেকে আদালতে হাজির করা হয় জেএমবির সূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদকে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টোদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। কয়েকমাস চিকিৎসা নেয়ার পর ওই বছরেরই আগস্টে গবেষণার জন্য জার্মানিতে যান হুমায়ুন আজাদ। একইমাসের ১২ তারিখে মিউনিখে নিজ ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

