বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সাথে পুলিশ-বিজিবির গোলাগুলির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ তথ্য জানা যায়।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে।
এদিকে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব এবং গোয়েন্দ সংস্থা ডিজিএফআই-সহ যৌথ বাহিনীর অভিযানে ব্যাথেলপাড়া এলাকা থেকে ওই ম্যানেজারকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেএনএফ -এর কাউকে আটক করা যায়নি। বর্তমানে ম্যানেজার রুমা উপজেলা কমপ্লেক্সে রয়েছে।
রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যানেজার সম্পূর্ণ সুস্থ রয়েছে।

