৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ ) রাত ১০ টায় ফকিরহাটের টাউন নওয়াপাড়া বঙ্গবন্ধু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশ থেকে এই মাদক কারবারিদের আটক করা হয়। এ সময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ৪ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
আটককৃতরা হলো, মোংলা উপজেলার দিগরাজ কালিবাড়ি এলাকার আরমান তালুকদারের কন্যা মিম খাতুন (২০) ও আবু সাঈদ শেখ এর ছেলে মোঃ আলমগীর (২২) এবং ভাটারাবাদ এলাকার আব্দুস সালাম শেখের ছেলে সোহেল শেখ (১৯) । সাদা প্লাষ্টিকের বাজার করা ব্যাগের মধ্যে মাদকদ্রব্য (গাঁজা) নিয়ে তারা ওই এলাকায় অবস্থান করছিল বিক্রয়ের জন্য। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গাজা সহ আটক করে।
আটকের পর মিম জানায় , সে আট মাসের অন্তঃসত্তা। বিষয়টি সন্দেহ হলে পরীক্ষার জন্য মিমকে নেওয়া হয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরীক্ষা- নিরীক্ষার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা নয়। পুলিশের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় জানান, কাটাখালি মোড় এলাকায় মাদকের বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টাউন নওয়াপাড়া বঙ্গবন্ধু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে মাদক বিক্রয়ের জন্য একদল ব্যবসায়ী অবস্থান করছে। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মিম আলমগীর ও সোহেল নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বাজার করা প্লাস্টিকের ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

