মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ও গুরুতর আহত হয়েছে একজন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়াকে (১২) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে পুড়ে যায়। সেই আগুনে পোড়া একটা তার ফয়জুর রহমানের টিনের ঘরের উপর পড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়। এতে এই পাঁচজনের মৃত্যু হয়। মরদেহ বাড়িতেই রয়েছে।
জুড়ী থানার ওসি এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। অনুমান করা যাচ্ছে ভোর ৫টার দিকে বজ্রপাতের কারণে বিদ্যুৎ লাইনে আগুন ধরে তার পুড়ে টিনের ঘরের উপর পড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায় । এ সময় টিনের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর পল্লী বিদ্যুতের কোন মানবিক দায়িত্ব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিবারের একটি মেয়ে হাসপাতালে আছে তার চিকিৎসা খরচ আমরা চালিয়ে যাবো। এ ঘটনার জন্য পল্লী বিদ্যুতের কোন গাফিলতি আছে কিনা জানতে চাইলে বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া গেলে বুঝা যাবে।

