ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দু‘পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহতে হয়েছে উভয়পক্ষের ১১ জন।
শনিবার দিবাগত রাতে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুধসর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দারের সমর্থক লিটনের সাথে একই গ্রামের বর্তমান চেয়ারম্যান সাহাবুল ইসলাম সাবুর সমর্থক ঝন্টুর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে বাপ্পারাজ, ঝন্টু, লিটন, রোহানসহ উভয়পক্ষের ১১ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ঝন্টু বলেন, ‘এমপি আব্দুল হাই মারা যাওয়ার পরেই লিটন তার লোকজন নিয়ে প্রায়ই আমাদের ওপর এমন আক্রমণ করে।’
আহত লিটন বলেন, ‘সংসদ নির্বাচনের পরে ঝন্টু আমার গ্রাম থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে আমি বাড়ি ফিরে এলে তারা আমাদের ওপর এ হামলা করে।’
সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার বলেন, ‘আমি বাহিরে আছি। কী নিয়ে সংঘর্ষ হয়েছে সেটা আমি জানি না। শুনেছি সংঘর্ষ হয়েছে।’
বর্তমান চেয়ারম্যান সাহাবুল ইসলাম সাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রাতে তারাবির নামাজের পরে সংঘর্ষ হয় বলে শুনেছি। হাসপাতালে উভয়পক্ষের আহতদের সাথে দেখা করেছি, কথা বলেছি।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, রাতে সংঘর্ষের খবর পেয়ে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।

