সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৫৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার আইয়র মৌলভীরচক গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।
রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সৈয়দপুরের মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে নজরুলকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহঃ) থানার সৈয়দপুরের মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নিচতলায় অভিযান চালায় পুলিশ। এ সময় নজরুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার ঘরের স্টিলের লকার থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবার মূল্য ৬ লাখ টাকা। এ সময় ৭ হাজার ৪২০ টাকা এবং একটি স্মার্ট ফোন ও বাটন ফোন উদ্ধার করে পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে।

