পিরোজপুর সদর উপজেলায় পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় আরও এক জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি স্ট্যান্ডের সড়কে সোমবার (মার্চ ১৮) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন– পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা উমেদপুর এলাকার মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ (২৫) ও ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাসুম বিল্লাহ (৫০) এবং পাড়েরহাট ইউনিয়নের বাদুরা এলাকার নুরু মিয়া (৫৫) ।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার আরিফ হোসেন এবং
পাড়েরহাট ইউনিয়নের বাদুরা এলাকার নুরু মিয়া সহ এই দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে পাড়েরহাট ইউনিয়নের বাদুরা এলাকার নুরু মিয়াও মারা যায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্ট্যান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। মল্লিকবাড়ি এলাকায় পৌঁছালে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের চারজন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. স্বাগত হালদার জানান, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া দুজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ নিহতের সংখ্যা বেড়ে ৩ জন, গুরুতর আহত নুরু মিয়া খুলনায় মারা গেছেন। গুরুতর আহত ০১
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

