চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামি দিলীপ কুমার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদি মারা যান।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দিলীপ কুমার ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা কারাগার সূত্রে জানা যায়, দিলীপ কুমার ঝিনাইদহের একটি চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। চুয়াডাঙ্গায় আরো একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে হস্তান্তর করা হয়। শুক্রবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিলীপ কুমার। তাৎক্ষণিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দিলীপ কুমারকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। আজ বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভারপ্রাপ্ত জেলার মো: ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

