নির্বাচনী ডিউটি শেষ করে ফেরার পথে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় মোক্তার গাজী (১৯) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় ৩ জন ম্যাজিস্ট্রেটসহ ৮ জন আহত হয়েছে।
গত শনিবার রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী ডিউটি শেষে রাত সাড়ে ৮টার দিকে নদী পাড় হওয়ার সময় পদ্মার দুলারচর এলাকায় দু’টি স্পিডবোর্ডের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার গাজী সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাচ্চু গাজীর ছেলে।
আহতরা হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, ম্যাজিস্ট্রেটদের গাড়ি চালক মো: সোহেল, জজ কোর্টের পেশকার হুমায়ুন কবীর, যাত্রী জুয়েল পাল, মো: বোরহান ও সাইফুল ইসলাম।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (৯মার্চ) কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন শেষে ভেদরগঞ্জে ফিরছিল ম্যাজিস্ট্রেটদের বহনকারী স্পিডবোটটি। এটি পদ্মার দুলাচর পয়েন্টে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে আরো জানা যায়, সংঘর্ষে নির্বাচনী দায়িত্ব পালনকারী তিনজন ম্যাজিস্ট্রেটসহ নয়জন আহত হয়। আহতদের মধ্যে যাত্রী মোক্তার গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, ‘শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নে নির্বাচনে দায়িত্ব পালন শেষে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা স্পিডবোট যোগে পদ্মা নদী পাড়ি দিয়ে গন্তব্যে ফিরছিলেন। তারা ভেদরগঞ্জ প্রান্তের কাছাকাছি পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সাথে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটসহ আটজন আহত হয়েছেন।’

