সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক জন।
বুধবার (৬ মার্চ) ভোররাতে আশাশুনি উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রীজে দ্রুতগামি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। নিহত দু’জনই কালিগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এসময় আহত হয়েছেন তাদের সাথে থাকা একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৯)। তাকে আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে নামযোগ্য অনুষ্ঠান শেষে বুধবার ভোর রাতে একটি মোটরসাইকেলযোগে হতাহতরা কালিগঞ্জে উপজেলায় তাদের বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দরগাহপুর কাদাকাটি নির্মাণাধীন ধাপুয়া ব্রীজে দ্রুতগতিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থী নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে তাদের মরদেহ উদ্ধার করে। আহত কর্নেল ঘোষকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

