যশোর প্রতিনিধি : ঝিনাইদহের এক কলেজ সভাপতির নেতৃত্বে অফিস কেরানি মুন্সি আকতানুর রহমানকে ইট ও লোহা দিয়ে মাথাসহ শরীরের অন্যান্যস্থানে আঘাত করে হত্যাচেষ্টা চালানো হয়েছে।
একুশে ফেব্রুয়ারি সকালে জেলার কালীগঞ্জের মঙ্গলপোতা পারখিদা কলেজে এঘটনা ঘটে।
মারাত্মক অবস্থায় আকতানুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রমতে, একুশে ফেব্রুয়ারির সকালে ফুল দেয়ার সময় কলেজ ক্যাম্পাসে সভাপতি সদর উদ্দিনের নেতৃত্বে তার ছেলে সাইফুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী ইট ও লোহার বাটখারা দিয়ে কালীগঞ্জের মঙ্গলপোতা পারখিদা অফিস করণিক মুন্সি আকতানুর রহমানের ওপর হামলা চালানো হয়। উপস্থিত লোকজন ঠেকাতে এলেও সন্ত্রাসীদের আক্রমণ থেকে তাকে রক্ষা করা যায়নি। এক পর্যায়ে তার মাথা, পিঠে, হাতেসহ শরীরের অন্যান্যস্থানে হামলা চালিয়ে সন্ত্রাসীরা মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে ডাক্তাররা মনে করছেন।
এদিকে, হামলাকারীরা এলাকায় প্রভাব ও প্রতাপশালী হওয়ায় পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলাও হয়নি। তবে ভুক্তভোগীর স্বজনরা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

