আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এ টুর্নামেন্টের প্রস্তুতি শেষ সুযোগ হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। সেদিক থেকে প্রস্তুতিটা দারুণ হয়েছে অস্ট্রেলিয়ার। ৩ ম্যাচের সিরিজের শেষটিতে রোববার (২৫ ফেব্রুয়ারি) ডিএলএস পদ্ধতিতে ২৭ রানে জিতে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে ম্যাথু ওয়েডের দল।
অকল্যান্ডে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দলটির ইনিংসে তিনবার বৃষ্টি হানা দেয়। যে কারণে অস্ট্রেলিয়ার ইনিংসটা ছোট হয়ে নেমে আসে ১০.৪ ওভারে। তারপরও দলটি ৪ উইকেটে ১১৮ রান তোলে। ডিএলএস পদ্ধতিতে নিউ জিল্যান্ডের জিতহতে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা ৩ উইকেটে ৯৮ রানের বেশি তুলতে পারেনি। যে কারণে ২৭ রানের হারের সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জায়ও পড়ে তারা।
১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রোববার শুরুতেই দ্রুত রান তোলার চেষ্টা করে নিউ জিল্যান্ড। তবে তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি অস্ট্রেলিয়ান বোলাররা। ৩ ওভারের মধ্যেই কিউইদের ২ উইকেট তুলে নেয় তারা। ২৯ রানের মধ্যে উইল ইয়ং ও টিম সাইফার্টকে হারিয়ে আরও চাপে পড়ে যায় কিউইরা। তবে গ্লেন ফিলিপসের ২৪ বলে অপরাজিত ৪০ রানের সৌজন্যে হারের ব্যবধান কমাতে পারে তারা। সিরিজে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়া অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন ২ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পাও।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে তাদের ভালো শুরু এনে দিতে পারেননি স্টিভেন স্মিথ। ৩ বলে ৪ রান করে আউট হয়ে ফেরেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে কক্ষপথে রাখেন ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট। তারা দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৫১ রান। এর মধ্যে ১১ বলে শর্ট করেন ১ চার ও ৩ ছয়ে ২৭ রান। এরপরেই তিনি ফেরেন সিয়ার্সের শিকার হয়ে।
শর্ট ফিরলেও ম্যাক্সওয়েলকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন হেড। শেষ পর্যন্ত হেড অস্ট্রেলিয়ার পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন। তবে গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন ঝোড়ো ইনিংস। ৩ চার ও ১ ছয়ে ২০ রান করেছেন ৯ বলে। যে কারণে লড়াইয়ে বড় পুঁজিই পেয়ে যায় দলটি। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। এর সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিপর্বও দারুণভাবেই সারল অজিরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১০.৪ ওভারে ১১৮/৪ (হেড ৩৩, স্মিথ ৪, শর্ট ২৭, ম্যাক্সওয়েল ২০, ইংলিস ১৪*, ডেভিড ৮*; বোল্ট ০/২৪, মিল্নে ১/২০, সিয়ার্স ১/২২, শোধি ০/২২, স্যান্টনার ১/১৬, ক্লার্কসন ১/৮)।
নিউ জিল্যান্ড: ১০ ওভারে ৯৮/৩ (অ্যালেন ১৩, ইয়ং ১৪, সাইফার্ট ২, ফিলিপস ৪০*, চাপম্যান ১৭*; স্টার্ক ০/১৫, শর্ট ১/৩৩, জনসন ১/১০, জাম্পা ১/২০, এলিস ০/১১)।
ফল: ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ২৭ রানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া)।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০তে জয়ী।
সিরিজ সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)।

