নিজস্ব প্রতিবেদক : দুই বাংলায় জনপ্রিয় অনেক সেলিব্রেটিকে সঙ্গে নিয়ে ৪৮ ঘণ্টার সফরে ‘হাজার দুয়ার খুলে’ গেলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার রাত পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হন মমতা। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
যাওয়ার আগে এই সফরকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ‘হাজার দুয়ার খুলে গেল’ বলে জানিয়ে গেছেন মমতা।
সীমানা বিরোধী, তিস্তার পানিবণ্টনসহ আর অন্যসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে গেছেন তিনি। এর আগে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিলেও এবার অবস্থান পাল্টে ‘আস্থা’ রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশের ব্যবসায়ীরা কলকাতায় হোটেল, কলকাতা বাণিজ্যমেলায় নারীদের পোশাক প্রদর্শনীর স্টল এবং স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

