ভোলার দৌলতখান উপজেলায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাইস্কুলে নিজস্ব স্থায়ী শহীদ মিনার না থাকায় অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে দিনটি উদযাপন করা হয়। বুধবার সকালে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিদ্যালয়ের মাঠ থেকে চাউলতাতলী বাজার প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান এবং সহকারী প্রধান শিক্ষক নিজামউদ্দিন পিন্টু। প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে নিহত সকল ভাষা শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান।তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।পৃথিবীতে মাতৃভাষা প্রতিষ্ঠায় আমাদের যে সকল বীর সন্তানরা তাদের জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের কখনো ভুলবো না।তিনি দুঃখপ্রকাশ করে আরো বলেন, আমাদের বিদ্যালয় কোনো স্থায়ী শহীদ মিনার নেই। তাই প্রতি বছর অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে হয়।স্থায়ী শহীদ মিনার নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

