চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই কারাদণ্ডের আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রুবেল হক ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে মো. হযরত আলী। তাদের মধ্যে দন্ডপ্রাপ্ত রুবেল আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন হয়রত আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, নিহত তাজিমুল পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তাজিমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেঁতলে হত্যা করে।
পরে মরদেহ গুম করার উদ্দেশে ওই ভবনেই বালুচাপা দেওয়া হয়। পুলিশ ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজিমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই গোলাম রসুল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

