মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে রিপন আলী (৪৫) নামের এক আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিপন জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটিদল পাবনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গাংনী থানা সূত্র জানায় ,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে রিপন আলী ও প্রতিবেশী মহাসিন আলীর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মহাসিন আলী গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ঐদিন দিবাগত মধ্যে রাতে মারা যান।
এ ঘটনায় নিহত মহাসিন আলীর পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি হত্যা মামলা করা হয়। যার মামলা নং- এস/সি, ০৬/২০০৮। ধারা ৩০২,৩২৪ প্যানাল কোর্ট। মামলায় রিপন আলীকে প্রধান আসামি করে ৪ জনের নামে মামলা করা হয়। মামলার রায়ে ১ জন আসামী বেকসুর খালাস পেলেও রিপন আলীকে আমৃত্যু কারাদন্ডসহ বাকী আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। মামলার রায়ের পর থেকে রিপন পলাতক ছিল।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত রিপনকে আজ মঙ্গলবার মেহেরপুর আদালতে নেয়া হয়েছে।

