ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫৮ রানের জুটি গড়ে জাপানের দুই ওপেনারের বিশ্ব রেকর্ড

Link Copied!

স্বাগতিক হংকং, জাপান ও চীনকে নিয়ে চলছে ইস্ট এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টেই আজ চীনের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৫৮ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইমামোতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে এখন এটাই যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
আগে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার ২০ ওভারে বিনা উইকেটে ২৫৮ রান তুলে জাপান। যে রান দলটির আসে ওপেনিং জুটিতে। এর আগে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও উসমান গনি এ ফরম্যাটে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। দেরাদুনে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন জাজাই ও গনি।
মংককের মিশন রোড গ্রাউন্ডে আজ বিশ্ব রেকর্ড গড়ার পথে লাকে–ফ্লেমিং দুজনই পেয়েছেন শতকের দেখা। ২১ বছর বয়সী লাকে ৮ চার, ১২ ছক্কায় ৬৮ বলে ১৩৪ এবং ২৮ বছর বয়সী ফ্লেমিং ৩ চার, ১১ ছক্কায় ৫৩ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন। চীনের অধিনায়ক ওয়েই গুয়ো লেই ৮ বোলার ব্যবহার করেও এই জুটি ভাঙতে পারেননি।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার কোনো দলের দুই ওপেনারই একই ইনিংসে শতক পেলেন। লাকে–ফ্লেমিংয়ের আগে একই ইনিংসে শতক করেছিলেন চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি ও ডাইলান স্টেইন, ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে।
কোনো দল পুরো ২০ ওভার ব্যাটিং করেও কোনো উইকেট হারায়নি—আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার দেখা গেল। প্রথমবার এমন রেকর্ড হয়েছিল ২০২২ সালে ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ভাল্লেত্তা কাপে, মাল্টার মার্সা স্পোর্টস ক্লাব মাঠে বুলগেরিয়ার বিপক্ষে জিব্রাল্টারের দুই ওপেনার অবিনাশ পাই ও লুইস ব্রুস অবিচ্ছিন্ন ২১৩ রানের জুটি গড়েছিলেন। তবে দুজনের কেউই সেদিন শতকের দেখা পাননি। বুলগেরিয়ার বোলাররা অতিরিক্ত রানই দিয়ে ফেলেছিলেন ২৮!
আজকের ২৫৮ রানই টি–টোয়েন্টিতে জাপানের দলীয় সর্বোচ্চ। দলটির আগের সর্বোচ্চ ছিল ২১৮ রান, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
লাকে–ফ্লেমিংয়ের সৌজন্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছে জাপান। লাকে ও ফ্লেমিং মিলে ছক্কা মেরেছেন ২৩টি। এখন জাপানের ওপর শুধু নেপাল। হাংজুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৬টি ছক্কা। হিমালয়ের দেশটি ওই ম্যাচে ৩ উইকেট ৩১৪ রান তুলেছিল, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে দলীয় সর্বোচ্চ।
জাপানের দেখা ২৫৮ রানের জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছে চীন। দলিটি হেরেছে ১৮০ রানে।