গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই স্পনসর বিহীন বাংলাদেশ দল। তবে একটু দেরি হলেও অবশেষে জাতীয় দলের জন্য নতুন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি দেশের একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু।
বিসিবি সূত্র জানিয়েছে, বিসিবির সঙ্গে রবির ২ বছরের চুক্তি হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিক কাজ কার্যক্রম দেখা যাবে তাদের। রবি অবশ্য এবারই নয়, এর আগেও জাতীয় দলের স্পনসর ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। তারা আবার যুক্তও হলো বিসিবির সঙ্গে।
এরআগে ২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে রবি ও বিসিবি ২০১৭ সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল। জানা গিয়েছিল, নতুন দুই বছরের চুক্তির বিনিময় মূল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অফিশিয়াল স্পনসর ছিল রবি। তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই ৷
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়। এরপর থেকেই মূলত স্পন্সরবিহীন চলছে টিম বাংলাদেশ। যে কারণে স্পনসর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সে শঙ্কা দ্রুতই কাটিয়ে দিচ্ছে রবি। সব কিছুই স্পষ্ট হতে পারে শুক্রবার বিসিবির সংবাদ সম্মেলনে।

