ঢাকাWednesday , 14 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবীর কাছে ৫ বছরের রাজত্ব হারালেন সাকিব

Link Copied!

গত নভেম্বরে ভারতে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর থেকে বাংলাদেশের হয়ে আর মাঠে নামেননি তিনি। আর এতেই আইসিসি ওয়ানডে অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের প্রায় পাঁচ বছরের রাজত্ব শেষ হয়েছে। তাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
মঙ্গলবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে অল-রাউন্ডারের তালিকার শীর্ষে উঠে আসেন নবী। ৩১০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব। আর তৃতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের সিকান্দার রাজার পয়েন্ট ২৮৮।
মূলত শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে সাকিবকে পেছনে ফেলেন নবী। সিরিজের প্রথম ম্যাচে ডানহাতি এই অল-রাউন্ডার বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন।
এর আগে ২০১৯ সালের ৭ মে রশিদ খানের কাছ থেকে শীর্ষস্থান দখল করেন সাকিব। ১ হাজার ৭৩৯ দিন শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এর আগে ওয়ানডেতে অল-রাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এত দীর্ঘ সময় কেউ শীর্ষে থাকতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে না থাকায় রাজত্ব ফিরে পেতে বাঁহাতি এই অল-রাউন্ডারকে আরও অপেক্ষা করতে হবে।
অন্যদিকে, ৩৯ বছর ১ মাস বয়সে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে সবচেয়ে বেশি বয়সে এই তালিকার শীর্ষে ওঠার রেকর্ড করলেন নবী। ২০১৫ সালের জুনে ৩৮ বছর ৮ মাস বয়সে অল-রাউন্ডারদের তালিকার শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।
এছাড়াও ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। দুই ও তিন নম্বরে যথাক্রমে আছেন দুই অস্ট্রেলিয়ান জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা। ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আম।
তবে কোনো পরিবর্তন হয়নি টেস্টের সেরাদের র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন। তার পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার নতুন ওপেনার স্টিভ স্মিথ।
টেস্ট বোলারদের তালিকার শীর্ষে আছেন যশপ্রীত বুমরাহ। গত সপ্তাহেই প্রথম ভারতীয় পেসার হিসেবে শীর্ষে ওঠেন এই ডানহাতি পেসার। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে না খেললেও দুই নম্বরেই আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।