নিউ জিল্যান্ডের হয়ে শেষ ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালে টি-টুয়েন্টি খেলেছিলেন ট্রেন্ট বোল্ট। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটের বাইরেই ছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ মাস পর আবারও দলে ফিরেছেন বাঁহাতি এই পেসার।
মঙ্গলবার ঘরের মাঠে প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজের দলে থাকবেন না কেইন উইলিয়ামসন। নিউ জিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ছুটি নেওয়ায় দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
এর আগে ২০২২ সালে আগস্টে স্বেচ্ছায় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান বোল্ট। ফলে বাঁহাতি এই পেসার জাতীয় দলের হয়ে বেছে বেছে ম্যাচ খেলার সুযোগ পান। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে দলে ফেরার প্রতিশ্রুতি দিয়ে রাখেন। খেলেন গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। এবারও আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই দলে ফিরলেন ৩৪ বছর বয়সী এই পেসার।
অন্যদিকে, চোটে থাকায় ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজের কিউই দলে নেই দলের নিয়মিত মুখ ড্যারিল মিচেলও। এছাড়াও রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসায় জিমি নিশামকেও দলে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলে একমাত্র নতুন মুখ জশ ক্লার্কসন। গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৭ বছর বয়সী এই অল-রাউন্ডারের অভিষেক হয়।
দলে ফিরলেও সিরিজের প্রথম ম্যাচ থাকবেন না বোল্ট। ২৩ ও ২৫ ফেব্রুয়ারি শেষ দুটি ম্যাচে মাঠে নামবেন তিনি। অপরদিকে, তার দীর্ঘ দিনের বোলিং সঙ্গী টিম সাউদি খেলবেন শুধু প্রথম ম্যাচে। বোল্ট-সাউদি ছাড়াও দলে থাকা বাকি তিন পেসার হলেন – অ্যাডাম মিল্ন, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, রাচিন রবীন্দ্র, জশ ক্লার্কসন, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, অ্যাডাম মিল্ন, ম্যাট হেনরি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি ও লকি ফার্গুসন।

