গত বছর শুরুতে লিওনেল মেসির পিএসজি ছাড়ার খবর বের হতেই বেশ প্রবলভাবেই শোনা যাচ্ছিল সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার কথা। এমনকি তখন দলের কোচ শাভি এরনান্দেস এবং ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাও আর্জেন্টাইন মহাতারকার বার্সেলোনায় ফেরার বিষয়ে বেশ ইতিবাচক বার্তাও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।
পরে অবশ্য মেসি জানান, বার্সেলোনায় ফিরে পুরোনো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে চাননি বলেই তিনি মায়ামিতে যোগ দেন। এই ঘটনার এক বছরেরও বেশি সময় পার হওয়ার এবার মেসির বার্সেলোনায় ফিরে না আসার বিষয়ে মুখ খুলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, মেসি নিজেও চেয়েছিল বার্সেলোনা থেকেই ক্যারিয়ারের ইতি টানতে।
সম্প্রতি কিক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে তেবাস বলেন, “ব্যক্তিগতভাবে মেসি এবং বার্সার ইচ্ছার কারণে, আমার এটা কাছাকাছিই মনে হয়েছিল। যখন এখানে এতটা টান আছে, তখন আসলে অনেক অর্থনৈতিক সমস্যা এক পাশে সরে যায়। আমি এটাকে সম্ভব বলেই ধরে নিয়েছিলাম। খুব কাছাকাছিই মনে হচ্ছিল। আমি নিশ্চিত যে মেসিও বার্সা থেকে অবসর নিতে চেয়েছিল।”
এর আগে এমএলএসে যোগ দেওয়ার পর বার্সেলোনায় না ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, “আমি বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলাম। তবে এই ভয়ও ছিল যে আগের ব্যাপারটা আবার ঘটতে পারে। সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে আমাকে যেতে হয়েছিল, তার মধ্যে আবার পড়তে চাইনি। নিজের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দিতে চাইনি।”
অন্যদিকে, মেসি বার্সেলোনায় চাপ নিতে চাচ্ছে না বলেই ক্লাবে ফিরে আসেনি বলে তখন মত দেন দলের কোচ শাভি।

