রূপকথার গল্পকেও হার মানিয়ে এবারের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ঘরে তুলেছে আইভেরি কোস্ট। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে তৃতীয়বারের মতো আফ্রিকার সেরা হয়েছে তারা। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সকে সম্মান জানিয়ে দলের খেলোয়াড়দের বেশ বড় উপহার দিয়েছে আইভেরি কোস্ট সরকার।
গত রোববার ঘরের মাঠের ফাইনালে পিছিয়ে পড়েও নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফকনের শিরোপা জেতে আইভেরি কোস্ট। মঙ্গলবার শিরোপাজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের সবার জন্য পুরস্কারের ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট।
শিরোপাজয়ী আইভরি কোস্টের প্রত্যেক খেলোয়াড়কে বোনাস হিসেবে ৮২ হাজার ডলার করে দিয়েছে দেশটির সরকার। এছাড়াও খেলোয়াড়রা উপহার হিসেবে একই সমমূল্যের বাড়িও পাবেন। শুধু তাই নয়, দলের কর্মকর্তাদের কমান্ডার এবং কোচ ও ফুটবলারদের অফিসার পদে সম্মানিত করা হয়। এই পুরস্কার পাবেন আইভেরি কোস্টের ভারপ্রাপ্ত কোচ এমেরসে ফায়েও। গ্রুপ পর্বে মূল কোচ জঁ-লুই গাসে বরখাস্ত হওয়ার পর দলের দায়িত্ব পান তিনি।
আফ্রিকার সেরাদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট প্রশংসায় ভাসিয়ে আইভেরি কোস্ট প্রেসিডেন্ট আলাসেন উয়াত্তারা বলেন, “আপনারা সব আইভরিয়ানকে সুখী করেছেন। সাবাশ, সাবাশ!”
অন্যদিকে, আইভেরি কোস্টের কাছে হেরে নিজেদের তৃতীয় শিরোপা হাতছাড়া করলেও দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে নাইজেরিয়া ফুটবল দলও। মঙ্গলবার দেশটির রাজধানী আবুজায় প্রেসিডেন্ট প্রাসাদে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই দলের খেলোয়াড়দের দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব প্রদান করেন প্রেসিডেন্ট বোলা তিনুবু। এছাড়াও ফুটবলারদের উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি করে প্লট ও ফ্ল্যাট। একই সঙ্গে তাদের উৎসাহ ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান প্রেসিডেন্ট তিনুবু।

