চাঁদপুর প্রতিনিধি : শহরের বড় স্টেশন এলাকায় রেলওয়ের ওয়াসপিটে মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির ৪টি আসন পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
চাঁদপুর রেল স্টেশনের টিএক্সআর মাজহারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ওয়াসপিটে থেকে বের হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ভোর ৪ টায় ট্রেনের ২০২৪ নাম্বার বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বগিটির ৪৮, ৪৯, ৫০ ও ৫১ নাম্বার আসনের কিছু অংশ পুড়ে যায়। পরে আগুনে ক্ষতিগ্রস্থ বগিটি রেখে মেঘনা এক্সপ্রেস যথা সময়ে ভোর ৫ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।’
এদিকে অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় চাঁদপুরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

