তিন মাস আগে গৌহাটিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরির (৪৮ বলে ১০৪*) পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটে ঝড় তুলতে সময় নেননি ম্যাক্সওয়েল।
শুক্রবার নিজের টি-টোয়েন্টি প্রত্যাবর্তন ম্যাচে হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ রানে থেমে যাওয়ার কষ্টটা ভুলেছেন ম্যাক্সওয়েল রোববার। এডিলেডে তুলেছেন ব্যাটে ঝড় (৫৫ বলে ১২ চার, ৮ ছক্কায় ১২০*)।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এতোদিন সর্বাধিক ৫টি সেঞ্চুরির রেকর্ড ছিল ভারত সেনসেশন রোহিত শর্মার। রোববার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তুলোধুনো করে রোহিত শর্মার সেঞ্চুরি সংখ্যাকে (৫টি) ছুঁয়েছেন ম্যাক্সওয়েল।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ নম্বরে ব্যাট করে যে কোনো ব্যাটারের এটা দ্বিতীয় সর্বোচ্চ। ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ভর করে ২৪১/৪ স্কোর করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে রানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
এডিলেডে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল না অতোটা ভাল। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৬৪/৩। ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে এই দুর্গতি থেকে টেনে তুলেছেন ম্যাক্সওয়েল।
৪র্থ উইকেট জুটিতে ৪২ বলে ৮২ এবং অবিচ্ছিন্ন ৫ম উইকেট জুটিতে ৩৯ বলে ৯৫ রানে দিয়েছেন নেতৃত্ব ম্যাক্সওয়েল। শুরু থেকেই এক গতিতে রান করেছেন। ২৫ বলে ফিফটি পূর্ণ করেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি পূর্ণ করতে খেলতে হয়েছে তাকে ৫০ টি বল।
১৮.৫ ওভারে রোমেরো শেফার্ডকে কভার ড্রাইভে বাউন্ডারি শটে সেঞ্চুরি পূর্ণ করেছেন। শেষ ওভারে আন্দ্রে রাসেলকে পর পর তিন বলে মেরেছেন ২টি চার, ১টি ছক্কা! ১২০ রানের হার না মানা ইনিংসে চার-ছক্কা থেকে করেছেন তিনি ৯৬ রান!
ম্যাক্সওয়েল ঝড়ের ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অন্য কেউ করতে পারেননি ফিফটি। টিম ডেভিড ১৪ বলে ৩১ রানের হার না মানা ইনিংস দিয়েছেন উপহার। ম্যাক্সওয়েল ঝড়ে এদিন অসহায় উইন্ডিজ বোলাররা খেয়েছেন প্রচন্ড মার। সবচেয়ে বেশি মার খেয়েছেন আন্দ্রে রাসেল (৪-০-৫৯-০)।
ঘরের মাঠে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চাপা দিয়ে জয়ের আবহ পেয়েছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজের শুরুতেই। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪ উইকেট (৬৪/৪) হারিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৩০ বলে ৮৮ রানের দুরূহ টার্গেট পাড়ি দিতে পারেনি তারা।
রোভমন পাওয়েল (৩৬ বলে ৫ চার, ৪ ছক্কায় ৬৩), আন্দ্রে রাসেল (১৬ বলে ৪ চার, ২ ছক্কায় ৩৭) এবং জেসন হোল্ডার (১৬ বলে ৩ চার, ১ ছক্কায় ২৮*) এর ব্যাটিংয়ে ২০৭/৯ পর্যন্ত স্কোর টেনে নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাজলউড (২/৩১), স্টয়নিচ (৩/৩৬) এবং স্পেনসার জনসন (২/৩৯) এর বোলিংয়ে তৈরি হয়েছে ব্যবধান।
অস্ট্রেলিয়া : ২৪১/৪ (২০.০ ওভারে)
ওয়েস্ট ইন্ডিজ : ২০৭/৯ (২০.০ ওভারে)
ফল : অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)।

