প্রথমবার ফাইনালে উঠে রূপকথা তৈরির আশায় ছিল জর্ডান। অন্যদিকে ঘরের মাঠে মেজর ট্রফি জয়ের জন্য উজ্জীবিত ছিল কাতার। শেষ হাসি হাসলো তারাই। লুসাইল স্টেডিয়ামে শনিবার এশিয়ান কাপের ফাইনালে তিনটি পেনাল্টি পেয়ে সবগুলো গোলে রূপান্তরিত করেছে স্বাগতিকরা। আকরাম আফিফের হ্যাটট্রিকে ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে আবারও এশিয়ার রাজা হলো কাতার।
প্রথমার্ধে আফিফ পেনাল্টি থেকে কাতারকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইয়াজান আল নাইমাতের গোলে সমতা ফেরায় জর্ডান। কিন্তু ভিএআর চেকে আরও দুইবার পেনাল্টি পায় স্বাগতিকরা। আফিফ দুইবারই জাল কাঁপান। আট গোল করে তিনি টুর্নামেন্ট শেষ করলেন শীর্ষ গোলদাতা হিসেবে। ২০১৯ সালের পর টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন হলো কাতার।

