জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ১০০ মিটারে স্বর্ণ জিতে ১৫ বারের মতো দেশের দ্রুততম মানবী হয়েছিলেন শিরিন আক্তার।
বাংলাদেশ নৌবাহিনীর এই নারী অ্যাথলেট শনিবার দ্বিতীয় ও শেষ দিনে জিতলেন আরও তিনটি স্বর্ণ। এর মধ্যে ২০০ মিটারে স্বর্ণ ধরে রেখেছেন নিজের রেকর্ড ভেঙে। শেষ দিনে তিনি অন্য দুই স্বর্ণ জিতেছেন ১০০ ও ৪০০ মিটার রিলেতে।
২০০ মিটারে শিরিন আক্তার ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন। ২০২১ সালে তার করা রেকর্ডে টাইমিং ছিল ২৪.৯৭ সেকেন্ড। ২০০ মিটারে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর কবিতা রায়। তিনি সময় নিয়েছেন ২৬.২৫ সেকেন্ড।

