নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান রিভিউ আবেদন না করলেও ফাঁসি কার্যকর করতে কারা কর্তৃপক্ষকে ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানার জারির পর সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়ার পর আমরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম। আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট। ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগের আদেশেই রিভিউয়ের জন্য ১৫ দিন সময় দিয়েছেন । আমরা নির্ধারিত ১৫ দিনের মধ্যেই রিভিউ আবেদন করবো। শুনানির পর রায় হবে। এতেও যদি দণ্ড বহাল থাকে তাহলে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য সময় পাবেন।’
খন্দকার মাহবুব বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনে মনে হয় আমরা হীরক রাজার দেশে বাস করছি। আইন কর্মকর্তার এরকম বক্তব্য অজ্ঞতা। তা না হলে তারা এভাবে সরকারকে পরামর্শ দিতো না। ১৫ দিন সময় অতিক্রম না হওয়া পর্যন্ত কী করে তারা দণ্ড কার্যকর করার কথা বলেন।’
তিনি বলেন, রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর আমরা রিভিউ আবেদন দাখিল করবো। ইতোমধ্যে রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি।’

