দশম বিপিএলে প্রথম দল হিসেবে দুই শতাধিক রানের সংগ্রহের দিনে জয় পেল রংপুর রাইডার্স। দলটি থেকে তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাইরা চলে যাওয়ার পরেও ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রিজা হেনড্রিকস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও জিমি নিশামরা।
২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশাম।
শনিবার দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালঞ্জোর্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো।
বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
এ দিন ব্যাটিংয়ে নেমেই ভালো শুরু পায় রংপুর। উদ্বোধনী জুটিতে ৬১ রান সংগ্রহ করেন রনি তালুকদার ও রিজা হেনেড্রিকস। ১৭ বলে ২৪ রান করে ওপেনার রনির বিদায়ের পরে রিজাকে নিয়ে জুটি গড়েন সাকিব।
দলীয় ১২১ রানে সাজঘরে ফেরেন সাকিব। তার আগে তিনি ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। সাকিবরের পরে ৪১ বলে ৫৮ রান করা রিজাও বিদায় নেন।
এ দিকে সাকিবের মতো কার্যকরী ইনিংস এসেছে অধিনায়ক নুরুল হাসান সোহানের থেকেও। তিনি ২১ বলে অপরাজিত ৩১ করেন। আর দলের সঙ্গে যোগ দিয়েই কাজের কাজটি করেন জিমি নিশাম। ৫ চার ও ৩ ছক্কায় তিনি ২৬ বলে করেন ৫১ রানের অপরাজিত ইনিংস। তাতে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২১১ রানে। চট্টগ্রামের পক্ষে ৮ জন বোলার মিলে ২০ ওভার করেছেন। সর্বোচ্চ ২টি উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল।
২১২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ১২ রানে বিদায় নেন জশ ব্রাউন। তিনি ৯ বলে মাত্র ১০ রান করেন। তবে আরেক ওপেনার সৈকত আলী থিতু হয়েছিলেন উইকেটে। একে একে টম ব্রুস, শাহাদাত হোসেন দিপু বিদায় নিলেও সৈকত চেষ্টা করেন রানের খাতা সচল রাখতে। তার সঙ্গে কার্টিস ক্যাম্ফার ও অধিনায়ক শুভাগত হোম জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু পাহাড়সম লক্ষ্য দলটি ভেদ করতে ব্যর্থ হয়।
রংপুর রাইডার্সের হয়ে নিজের প্রথম ম্যাচে ১ উইকেট পেয়েছেন ইমরান তাহির।
৪৫ বলে ৬৩ রান করে রান আউটের ফাঁদে পা দেন সৈকত। আর ২১ বলে ২৪ রান করেন ক্যাম্ফার ও ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক শুভাগত। তাতে কেবল হারের ব্যবধানই কমেছে। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জিমি নিশাম ও সাকিব আল হাসান।

