মনপুরায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ইউএনও অফিস, ভূমি অফিস, থানাসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
মঙ্গলবার ইউএনও অফিস, ভূমি অফিস, থানা পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ গতিশীল করার জন্য সবাইকে যার যার অবস্থা থেকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমাদের সকলকে উন্নয়নের অগ্রযাত্রার পক্ষে কাজ করতে হবে। প্রধান অতিথি আরও বলেন,আমাদের কোয়ালিটি বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। আমাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশকে যদি ভালোবাসা না যায় তাহলে দেশের জন্য কাজ করা যাবে না। এ রাষ্ট্র এই সরকার আমাদের পুর্নবাসন করেছে। এ রাষ্ট্র ও জনগণের ট্যাক্সের টাকায় আমরা চলি। আর সেটাই যদি হয় তাহলে মনেপ্রাণে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী সবাই মিলে একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
মনপুরাকে এগিয়ে নিতে যত সমস্যা আছে সবাই মিলে একসাথে কাজ করে সকল সমস্যা সমাধান করব। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, আবাসন সমস্যা, ভূমি ব্যবস্থাপনাসহ সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কবির সোহেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খান মো. টিপু সুলতান, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় কৃষি অফিসার তাওহীদ আহসান, ভ্যাটেরিনারী সার্জন ডা. আবু বকর ছিদ্দিক, ওসি তদন্ত তারিক হাসান রাসেল, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. ছালাহউদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকেশলী আশিকুর রহমান, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরসহ সরকারী দাপ্তরিক প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, জেলা প্রশাসক বুধবার আশ্রায়ন প্রকল্প, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উন্নয়নমূলক কাজ, বিদ্যালয়ের শহীদ মিনার পরিদর্শন করবেন।

