ঢাকাSunday , 24 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

Link Copied!

ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় (রোববার) উপজেলা সদর হাজীরহাট বাজারের সদর রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে দাবী করেছেন মনপুরা ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- হাজী লোকমানের মুদি দোকান, আবুল কাশেমের ডিম ও পান দোকান, ফুয়াদ ফিড দোকান, মাও. নুরনবীর হোমিও ওষুধের দোকান, সালাউদ্দিনের কনফেকশনারী দোকান, সেলিমের পান, মুড়ি ও বিস্কুট দোকান, মিজানুর রহমানের ওষুধের ফার্মেসী দোকান, ভাই ভাই ট্রেডার্সের মো. তালহা হার্ডওয়ার দোকান এবং বিক্রম দাসের কাপড়ের দোকান। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শী বাজার পাহারাদার নুরুল ইসলাম জানান, শনিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে (রোববার) হাজীরহাট বাজারের সদর রোডে পাহারা দেওয়ার সময় মাও. নুরনবীর হোমিও ওষধের দোকান থেকে ধোয়া বের হতে দেখি। পরে হাজীরহাট চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারকে মুঠোফোনে অবহিত করি। চেয়ারম্যান ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস লোকজন, স্থানীয় ব্যবসায়ী ও চেয়ারম্যান নিজাম উদ্দিনের সমন্বিত প্রচেষ্টায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে মনপুরা হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার জানান, রোববার গভীর রাত সাড়ে ৩টায় হাজীরহাট বাজারের সদরের রোডে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তবে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেন তিনি। আগুনে ৮টি দোকান পুড়ে যায়।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, হাজীরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের আগুন নিভানোর কাজে সহযোগিতা করেছে।
এ ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী বলেন, সরেজমিনে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অবহিত করব।

ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট বাজারে সদর রোডে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, আ’লীগ সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো সরজমিনে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ওসি মো. জহিরুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, হাজিরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবুয়াল হোসেন আবু মেম্বার প্রমুখ।