চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোলঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় পিকআপের সহকারীর শরীরে পেট্রোলঢেলে আগুন দেয়ার চেষ্টা করে তারা।
মঙ্গলবার সকালে চাঁদপুর-হাইমচর সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়ির চালক ওয়ালি উল্ল্যাহ বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে মাছ নিয়ে এসে চাঁদপুরের চান্দ্রা এলাকায় রেখে আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে চাঁদপুর-হাইমচর সড়কের লক্ষ্মীপুর এলাকায় পাইপ ফেলে গাড়িটির গতি রোধ করে পেট্রোলঢেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এ সময় হেল্পার সোলেমান মিয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করলে স্থানীয়রা দেখে চিৎকার দিলে তারা পালিয়ে যায়।’
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ি মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

