সেলফী পরিবহনের একটি বাসের চাপায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সেলফী পরিবহন দেবে ৮ লাখ টাকা আর সরকারি কোষাগার থেকে দেওয়া হবে ৫ লাখ টাকা। ইতোমধ্যে সেলফী পরিবহনের কাছ থেকে নগদ ৮ লাখ টাকা নিয়ে নিহত রুবেলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিপূরণ নেওয়ার পর আটক করা সেলফী পরিবহনের ২৫ বাস ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সোমবার সেলফী পরিবহন কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফিসহ কয়েকজন আলোচনায় বসেন। পরে দীর্ঘ আলোচনা শেষে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। যেখানে সেলফী বাস কর্তৃপক্ষ দিয়েছে ৮ লাখ। আর সরকারিভাবে দেওয়া হবে ৫ লাখ। মোট ১৩ লাখ টাকা পাবে নিহতের পরিবার।
নগদ ৮ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে নিহত রুবেলের ভাই এবং শ্যালকের কাছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি।
এদিকে নিহত রুবেলের সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাচ্সেলফি পরিবহনের ব্যবস্থাপক পরিচালক (এমডি) জালালউদ্দিন।
উল্লেখ্য গত ৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে কর্মস্থল মানিকগঞ্জের মার্কেন্টাইল ব্যাংকে যাওয়ার সময় ধামরাই থানা বাসস্ট্যান্ডে সেলফী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন জাবির সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ। এ খবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটে সেলফী পরিবহনের ২৫টি বাস আটক করেন তারা।

