আবুল হায়াত বাচ্চু, সাভার : চোখে জল কন্ঠে প্রতিবাদ নিয়ে একমাত্র ছেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে আশুলিয়ার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের বাবা মা সহ এলাকাবাসীরা।
শনিবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে কয়েক শতাধিক এলাকাবাসীর অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে হত্যাকারীদের দ্রুত আটক ও ফাঁসির দাবী জানানো হয়। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
গত মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য হালিম মেম্বারের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হঠাৎ করে বাপ্পী মিয়ার উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে একটি ব্রিজের নিচে ফেলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে । তবে দীর্ঘ ২৫ ঘন্টা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বাপ্পী মারা যায়।
এ বিষয়ে বাপ্পীর বাবা আইনউদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ইউপি সদস্যসহ ১৮জনকে মামলায় আসামী করা হয়। তবে এখন পর্যন্ত কোন আসামী আটক হয়নি।

