নিজস্ব প্রতিবেদক : আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আমিনুল ইসলামকে প্রেষণে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-২) সৈয়দ আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যাস্ত করা হলো।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলীকে গত সোমবার রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আজ বৃহস্পতিবার অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। গত ২ ফেব্রুয়ারি রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছিলেন ফরিদ আহমদ শিবলী।
একইদিন অপর এক প্রজ্ঞাপনে কুমিল্লার বিশেষ জজ (জেলা জজ) মো. যাবিদ হোসেনকে তার কর্মস্থল থেকে বদলি করে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা জজ) পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।

