নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এ ক্ষেত্রে সব রাজনৈতিক পক্ষকেই কার্যকরী ভূমিকা নিতেও বলেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে এ কথা জানান। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। এসময় মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।’
তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কীভাবে আরো গভীর ও বিস্তৃত করা যায় সে ব্যাপারেও মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশে যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সমাধানে সব রাজনৈতিক পক্ষ কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। আমরা মনে করি যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের সমস্যা সমাধানে সুযোগ রয়েছে।’
এদিকে গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশের সঙ্গে আগের যেকোনো সময়ের তুলনা সম্পর্ক ভালো বলে উল্লেখ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

