
ফাইল ফটো
ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলার সময় স্থানীয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার বড়দাহ গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, বড়দা গ্রামের সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের বর্তমান ইউপি মেম্বর আনোয়ার হোসেনের এলকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। তার জের ধরে আজ সকাল থেকেই দু’গ্রুপের লোকজন ঢাল, ভেলা, সরকি, রামদা, লাঠি-সোঠা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। দুপুরের দিকে উভয়পক্ষ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় এক বৃদ্ধ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের গুলি বর্ষণ ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। কিন্তু হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই বৃদ্ধ মারা গেছেন বলে পুলিশ দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক সাংবাদিক জানান, আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সময় ওই বৃদ্ধ ঘটনাস্থলে ছিল। সে সময় প্রতিপক্ষের ছোড়া একটা ইট এসে তার মাথায় লাগে। তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

