
শ্রমিক বিক্ষোভ
সাভার (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি তৈরি সোয়েটার কারখানায় পিসরেট বৃদ্ধি ও অপর পোশাক কারখানার বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেছে।
সোমবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকার মাহাবুব অ্যাপারেলস সোয়েটার কারখানা ও টঙ্গাবাড়ি এলাকার মণ্ডল ফ্যাশনে এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাহাবুব অ্যাপারেলস সোয়েটার কারখানার শ্রমিকরা বেশ কয়েকদিন ধরে পিস রেট বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তবে রেট বৃদ্ধিতে কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করলে কারখানার কর্মকর্তারা তাদের বুঝানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকরা কারখানার পিএম শাহজাহান মীরকে লাঞ্চিত করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখেন।
অন্যদিকে, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মণ্ডল ফ্যাশনে প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধি করা হয়। তবে এ বছর এক মাস পার হয়ে গেলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি। এরই প্রতিবাদে বেতন বৃদ্ধির দাবিতে সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।’

