কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের রানখড়িয়া গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান প্রামাণিক (৪৫) সদর উপজেলার জুগিয়া কানাবিল এলাকার বাসিন্দা ও ফরিদা খাতুন (৩৩) শাজাহান প্রামাণিকের শ্যালিকা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, ‘দুপুরে ঝিনাইদহগামী বালিবোঝাই একটি ট্রাক রানখড়িয়া গোরস্থানের সামনে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ওই ট্রাকটি ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

