লক্ষ্মীপুর প্রতিনিধি : সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বাবা আবুল কালামকে (৩৮) কারাদণ্ড ও মা নারগিস আফরোজকে (৩২) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বৃহস্পতিবার সকালে এ রায় দেন।
এ ব্যাপারে লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মশু জানান, আটিয়াতলী গ্রামের আবুল কালামের মেয়ে ও চাঁদখালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তার (১৩) সঙ্গে ভবাণীগঞ্জ ইউনিয়নের প্রবাসী বেলাল হোসেনের শুক্রবার বিয়ের দিন ঠিক করা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। তিনি বাল্যবিয়ে আয়োজন বন্ধ করার জন্য মেয়েটির বাবা আবুল কালামকে নির্দেশ দিলে তিনি তা অমান্য করে বিয়ে সম্পন্ন করার জন্য প্রস্ততি নেয়।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বুধবার রাতে বাড়িতে গিয়ে আবুল কালাম ও তার স্ত্রী নারগিস আফরোজ ও মেয়ে আফরোজা আক্তারকে উপজেলা পরিষদে নিয়ে আসে। পরে মেয়েটিকে ছেড়ে দিয়ে বাবা আবুল কালামকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও মা নারগিস আফরোজকে ১ হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানান, বাল্যবিয়ে নিষেধ করার পরও আয়োজন করায় বাবাকে জেল ও মাকে জরিমানা আদায় করা হয়েছে।

