নিজস্ব প্রতিবেদক : মুজিবশতবর্ষের শুভলগ্নে বাংলাদেশ বিমান বাহিনীর বনায়ন কর্মসূচি ‘অপারেশন উডস্প্রাইট-২’ শুরু হয়েছে। মঙ্গলবার দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এসব বীজের মধ্যে রয়েছে- চাপলিশ, গর্জন, জাম, হাড়গজা প্রভৃতি।
রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পার্বত্য চট্টগ্রামে বীজ ছড়ানোর মাধ্যমে দেশের বনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ‘অপারেশন উডস্প্রাইট-২’ নামক এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত বছর বিমান বাহিনী প্রথমবারের মতো হেলিকপ্টারযোগে দেশের উপকূলীয় এলাকায় বীজ বপনের কাজ সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় এবছরও অপারেশন উডস্প্রাইট এর প্রথম পর্বে পার্বত্য এলাকায় ও দ্বিতীয় পর্বে উপকূলীয় এলাকায় অপারেশনের মাধ্যমে বনায়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়। সুবিশাল পার্বত্য এলাকা বনায়নের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার গত ২৮ আগস্ট এই অপারেশনের অংশ হিসেবে এরিয়াল রেকি মিশন সম্পন্ন করে এবং বীজ বপনের উপযুক্ত স্থান নির্বাচন করে।
আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী বন অধিদপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে ৩১ আগস্ট পার্বত্য চট্টগ্রামের আলীকদম থেকে বিমান বাহিনীর এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে ৫০০ কেজি বীজ সংগ্রহ করে এবং আগের নির্ধারিত উপযুক্ত স্থানে বীজগুলো হেলিকপ্টার থেকে নিক্ষেপণের মাধ্যমে বপন করে।
আইএসপিআর জানায়, বিমান বাহিনী পরিচালিত এই বনায়ন কর্মসূচির কারণে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে ভূমিকা রাখবে। তাছাড়া হেলিকপ্টারযোগে বীজ বপনের মাধ্যমে পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষের মনোবল ও বনায়নে উৎসাহ বাড়বে।

