নিজস্ব প্রতিবেদক : জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (২২ আগস্ট) অনলাইনে সংযুক্ত থেকে ‘ফ্রেন্ডশিপ সোলার ভিলেজ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ‘রূপটপ সোলার ও নেটমিটারিং সিস্টেম লাভজনক বিজনেস মডেল। বর্জ্য বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ওশান এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ছয় মিলিয়ন সোলার হোম সিস্টেম দ্বারা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু যোগাযোগবিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে বা জনপদে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকসেবা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।’
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নায়েরহাট ইউনিয়নের গয়নার পটল চরে ৪৭১ পরিবার বসবাস করে। এই এলাকায় ৫৪ কিলোওয়াট সৌর মাইক্রো-গ্রিড থেকে ১০০ পরিবার বিদ্যুৎ পাবে, তাছাড়া ২৪টি দোকান নিয়ে গঠিত একটি স্থানীয় বাজার, ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়, আইনি বুথ, সেলাইকেন্দ্র ও ২৮টি পরিবারসহ একটি বন্যা আশ্রয়কেন্দ্র বিদ্যুৎ পাবে।
ফ্রেন্ডশিপের প্রধান নির্বাহী কর্মকর্তা রুনা খানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সংযুক্ত থেকে বক্তব্য দেন।

