দিনাজপুর প্রতিনিধি : বিরামপুরে কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন চাচা নিলু রহমান (৪৮) ও তার ভাতিজা আনোয়ার হোসেন (৩৫)। বাইসাইকেলযোগে বিরামপুর শহরে আসার সময় ট্রাকের চাপায় নিহত হন তারা।
বুধবার সকাল ৯টার দিকে বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলু রহমান বিরামপুর পৌর এলাকার ঢেলুপাড়া গ্রামের তাছির উদ্দিনের ছেলে এবং আনোয়ার হোসেন একই এলাকার অকিল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিলু রহমান ও তার ভাতিজা আনোয়ার হোসেন বাইসাইকেলযোগে কাজের সন্ধানে বিরামপুর শহরে আসছিলেন। পথিমধ্যে কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে নিলু এবং হাসপাতালে নেয়ার পথে আনোয়ার মারা যান। তারা দু’জনই পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। দুর্ঘনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, প্রত্যক্ষদর্শীরা কেউ ট্রাকের নম্বর জানাতে না পারায় ট্রাকটি আটক সম্ভব হয়নি।

